গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সড়ক অবরোধ
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের পূর্বঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলার বিভিন্ন উপজেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। কোটালীপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে লকডাউন কর্মসূচি পালিত হয়।
টুঙ্গিপাড়ায় ভোর থেকে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও প্রতিবন্ধকতা তৈরি করে কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ সদরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে আগুন জ্বালানোর খবর পাওয়া গেছে এবং মুকসুদপুর ও কাশিয়ানীতেও কর্মসূচি পালনের তথ্য মিলেছে।
গত বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকে জেলায় উত্তেজনা আরও বাড়ে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটল। পাশাপাশি বিএনপির কয়েকটি কার্যালয়েও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
এসব ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকউজ্জামান মুঠোফোনে বলেন, সংসদ সদস্যদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তারা উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানান।
এআইএল/সকালবেলা