নিষিদ্ধ আওয়ামী লীগকে রুখে দেওয়া ইমানি দায়িত্ব: জয়নুল আবেদীন
নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেছেন, ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের প্রতিহত করা প্রত্যেকের ইমানি দায়িত্ব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কয়েকটি গাড়ি ও ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে পার পেয়ে যাবেন—এমনটি ভাবার কোনো সুযোগ নেই। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, বিশেষ করে দেশের আইনজীবীরা এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না।
বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বর্তমান বাস্তবতায় এটি স্পষ্টভাবে বলা প্রয়োজন যে, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। ২০০৮ সালে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, একজন প্রধান বিচারপতিও মন্তব্য করেছিলেন যে এটি কোনো রাজনৈতিক দল নয়। যে সংগঠন এভাবে পিটিয়ে মানুষ হত্যা করে এবং অগ্নিসংযোগের মাধ্যমে রাজনীতি করে, সেটি কখনোই কোনো রাজনৈতিক দল হতে পারে না।
এই অপশক্তিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে জয়নুল আবেদীন আরও বলেন, সারা দেশের আইনজীবীরা, বিশেষ করে তাঁর সহকর্মী আইনজীবী ভাই ও বোনেরা একাই এই সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবিলা ও প্রতিহত করার সক্ষমতা রাখেন। বক্তব্যের শেষে এখনো সময় আছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের সন্ত্রাস ও নৈরাজ্যের পথ পরিহার করার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা