সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকা, সিলেট, সুনামগঞ্জ ও পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় এসব কর্মসূচি পালিত হয়।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতা প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচি থেকে জননিরাপত্তা নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দ্রুত বিচার দাবি করা হয়। ছাত্র জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক আহমদ আল গাজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
রাজধানীতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পশ্চিম শাখার উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়। বিকেলে মহানগর পশ্চিম শাখার উদ্যোগে মিরপুর-১ নম্বরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শাখার সভাপতি সালমান শিকদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাইনুদ্দীন মানিক, ছাত্র জমিয়তের সহসভাপতি আব্দুল আজিজ ও আহমাদ আল গাজি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তকি এবং সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর শাখার কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নিয়ে রাজপথে অবস্থান ও প্রতিবাদ জানান। পরে স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। অন্যদিকে, মহানগর দক্ষিণ শাখার কর্মসূচিতে অংশ নেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির।
সমাবেশে সাআদ বিন জাকির বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিবাদ, সন্ত্রাস ও দমন-পীড়নের বিরুদ্ধে যে প্রত্যাশা তৈরি করেছে, তা কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেকোনো সন্ত্রাসী তৎপরতা, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে ছাত্র জমিয়ত রাজপথে সোচ্চার থাকবে। জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এদিকে সিলেট মহানগরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর। বিকেল ৪টায় শিবগঞ্জের সাকিল কমিউনিটি সেন্টার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ বাজারে পথসভায় মিলিত হয়। জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শক্তি আবারও দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য ভুলে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের উদ্যোগেও বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলার শান্তিগঞ্জ উপজেলা শাখা বাদ জোহর শান্তিগঞ্জ বাজারে অবস্থান কর্মসূচি পালন করে। উপজেলা সভাপতি সালিক বিন রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে জমিয়ত নেতা মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে বিকেল ৩টায় সুনামগঞ্জের ওয়েজখালীতে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে পথসভায় মিলিত হয়। জেলা সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়ার সভাপতিত্বে এতে জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ ও ছাত্র জমিয়তের জেলা নেতারা বক্তব্য দেন। বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন ও নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার ষড়যন্ত্র রুখে দিতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। এ ছাড়া পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের উদ্যোগেও একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির ১৯ নভেম্বর নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন।
এআইএল/সকালবেলা