সাবেক এমপি দোলন ও তমাল রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের ৭ দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের রিমান্ডে পেয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা এ দিন তিনজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী এস এম দৌলত-এ-খুদা ও তাছলিমা জাহান পপি রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন এবং তাঁর সঙ্গে ছিলেন কৌঁসুলি হারুন-অর-রশীদ।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দোলনের ৭ দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দোলনকে, ধানমন্ডি থেকে মিজানুর রহমানকে এবং আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে তমালকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে জড়ো হন। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া তিনজন ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। পাশাপাশি মামলার পলাতক আসামিদের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকার তথ্যও মিলেছে। অভিযোগ রয়েছে, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাঁদের গ্রেপ্তার, অর্থের উৎস চিহ্নিতকরণ এবং অস্ত্র উদ্ধারের স্বার্থে গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। সে কারণেই তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
এআইএল/সকালবেলা