বেলকুচিতে মিথ্যা প্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
বেলকুচিতে মিথ্যা প্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসরাফ আলী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিজ উদ্দিন ব্যাপারীকে জড়িয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল। 

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বেলকুচি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আসরাফ আলী হত্যাকাণ্ডের শিকার হন। দীর্ঘদিনের বিরোধের জেরে সোহেল মেম্বার ও মুন্নাসহ কয়েকজন মিলে তাঁকে ধারালো ছুরি ও চাকু দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা আসরাফ আলীকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে ভোররাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন নুরে আলম।

তিনি আরও বলেন, একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আসরাফ আলীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিজ উদ্দিন ব্যাপারীকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এ সময় হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অন্যদিকে, সোহেল মেম্বার ও মুন্নার সঙ্গে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসরাফ আলী হত্যার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহেল মেম্বার তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। তিনি বলেন, মেম্বার নির্বাচনে রহিজ ব্যাপারী তাঁর কাছে পরাজিত হওয়ার পর থেকেই তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে নানা ধরনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এমনকি আসরাফ আলীর পরিবার থেকেও তাঁকে অভিযুক্ত করা হয়নি বলে দাবি করেন সোহেল মেম্বার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন, যুগ্ম আহ্বায়ক রহিজ উদ্দিন ব্যাপারী ও মোহাম্মদ আলী, দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ও মজিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এআইএল/সকালবেলা