সোনারগাঁয়ে পৃথক স্থানে বাস ও ট্রাকে আগুন
মোঃ আক্তার হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে খড়বোঝাই একটি ট্রাক ও যাত্রীবাহী একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ট্রাকটিতে এবং যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে দ্রুত নেমে যেতে পারায় দুটি ঘটনায়ই চালক, হেলপার ও যাত্রীরা প্রাণে বেঁচে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় প্রথমে খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। দিনাজপুর থেকে আসা ট্রাকটি ভোর সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে খড় নামানোর জন্য সড়কের পাশে দাঁড় করানো ছিল। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী ট্রাকে আগুন জ্বলতে দেখে চিৎকার করে চালককে ডেকে তোলেন। তিনি জানান, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছে।
আগুন ছড়িয়ে পড়লে চালক ট্রাকের জ্বলন্ত খড় রাস্তার পাশের পানিতে ফেলে তা নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন বলেন, এ ঘটনায় চালক ও হেলপার কেউ আহত হননি। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় সায়েদাবাদ থেকে গৌরীপুরগামী ‘মামা ভাগিনা পরিবহনের’ (পাহাড়িকা) একটি লোকাল বাসে আগুন দেওয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কাঁচপুর সেতু এলাকায় থেমে যাত্রী তুলছিল। এ সময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসের পেছনের অংশে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত নেমে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রেকারের সাহায্যে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। যান চলাচল স্বাভাবিক রাখতে পুড়ে যাওয়া বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা