৭০ লাখ শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে সেখানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
এর আগে সকালে বিমানযোগে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাদের অনুরোধে হাসিমুখে সেলফিও তোলেন।
বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে ও দেশকে পিছিয়ে রাখা। তিনি তরুণ প্রজন্ম, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা বর্তমান সরকার নির্ধারণ করেছে এবং সে অনুযায়ী কাজ চলছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) বর্তমানে পুরোদমে কাজ চলছে জানিয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা প্রকাশ করেন তিনি।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগ যেন অর্থের অভাবে থেমে না যায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রয়োজনে ভবিষ্যতে এই তহবিলের আকার আরও বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
তরুণদের কেবল প্রযুক্তির ব্যবহারকারী না হয়ে প্রয়োজন ও উপযোগিতা অনুযায়ী প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে যোগাযোগ, কৃষি ও দুর্যোগ মোকাবিলায় উদ্ভাবনের বাস্তব প্রয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সরকারপ্রধান।
সফরের নির্ধারিত পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৪টায় তাঁর ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।