পুলিশে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ
পুলিশে ৪ হাজার এসআই ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে নতুন চার হাজার উপপরিদর্শক (এসআই) ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মোট ১৪ হাজার নতুন জনবল নিয়োগের ক্ষেত্রে এখন সব দাপ্তরিক বাধা কেটে গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির অনুমোদনসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে বাংলাদেশ পুলিশ যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে।

পুলিশ সূত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো চার হাজার এসআই পদের সবকটিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে; আগে এসআই পদের অর্ধেক বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো। পাশাপাশি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিয়োগে একটি বিশেষ বিসিএস আয়োজনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাহিনীতে বর্তমানে দুই হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে, আর নতুন করে ১০ হাজার কনস্টেবল নিয়োগের অনুমোদন মিলেছে। নিয়োগপ্রক্রিয়া সমন্বয় করে চলমান বিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য দুই হাজার পদের সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার পদ থেকে আরও চার হাজার কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী বর্তমান প্রক্রিয়ায় মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন অনুমোদিত পদের অবশিষ্ট ছয় হাজার কনস্টেবল পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যায়ক্রমে নেওয়া হবে।

এর আগে গত ৯ অক্টোবর সারা দেশে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ৩০ অক্টোবর আবেদনের সময়সীমা শেষ হয়, যদিও ওই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ ছিল না। তবে মোট পদসংখ্যা ছয় হাজারে উন্নীত হওয়ায় প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কমে আসবে। গত এপ্রিলের বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে ১ লাখ ২৬ হাজার আবেদন জমা পড়েছিল, যেখানে প্রতি পদের বিপরীতে গড়ে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন; নতুন হিসাব অনুযায়ী এবার প্রতি পদের জন্য গড়ে ১৭ জন করে প্রার্থী লড়বেন।

এআইএল/সকালবেলা