পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ওয়াফিক শিপলু: বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রাম এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো—মো. ফারুকের দুই সন্তান ফাহিম (৮) ও সুরাইয়া খাতুন (৫) এবং মো. রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)। তারা সকলেই ভালতা আদর্শ গুচ্ছগ্রামের অধিবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশু তিনটি। গোসলের একপর্যায়ে তারা সাঁতার না জানার কারণে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কাহালু থানা-পুলিশের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
একই গ্রামের পাশাপাশি পরিবারের তিন নিষ্পাপ শিশুর এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় ভালতা আদর্শ গুচ্ছগ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের গুমরে কাঁদা আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
এআইএল/সকালবেলা