মাদারীপুরে ফের সংঘর্ষের শঙ্কা, হাতবোমার ভিডিও ঘিরে উদ্বেগ
নাহিদ জামান, জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রাম আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়িত দুই পক্ষ যে কোনো সময় পুনরায় বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকজন যুবকের হাতে হাতবোমা সদৃশ বস্তু বহন এবং বিস্ফোরণের দাবি করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত মাসে ঝিকরহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং বিস্ফোরণের অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুর সদর মডেল থানায় একাধিক মামলা দায়ের করা হয়। এরপর কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সম্প্রতি আবারও এলাকায় উত্তেজনা বাড়তে শুরু করেছে বলে দাবি স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, নতুন করে সংঘর্ষের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশীয় অস্ত্র মজুদের পাশাপাশি হাতবোমা তৈরির অভিযোগও রয়েছে। বিস্ফোরণের মাধ্যমে সেগুলোর কার্যকারিতা পরীক্ষা এবং ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
এ অবস্থায় নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে ঝিকরহাটি এলাকায় প্রশাসনের বিশেষ অভিযান, নিয়মিত টহল ও বাড়তি নজরদারির জোর দাবি জানিয়েছেন এলাকার সাধারণ ও নিরীহ বাসিন্দারা।
এআইএল/সকালবেলা
|