দোয়ারাবাজারে স্বাধীনতার ৫৬ বছর পরও সড়কহীন এক গ্রাম
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ: স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত যাতায়াতের কোনো সড়ক নির্মিত হয়নি সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাংগা গ্রামে। কাগজে-কলমে এটি উপজেলা সদরের অংশ হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘস্থায়ী এই বঞ্চনা থেকে মুক্তি ও মাত্র দেড় কিলোমিটারের একটি সংযোগ সড়কের দাবিতে সম্প্রতি বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বর্তমানে গ্রামটির প্রায় ১০০টি পরিবারের সহস্রাধিক বাসিন্দা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে চারদিকে পানি থৈ থৈ করায় তেগাংগা গ্রামটি সম্পূর্ণ বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়, তখন যাতায়াতের একমাত্র মাধ্যম হয় নৌকা। আর শুকনো মৌসুমে ফসলি জমির আইল ও হাঁটু সমান কাদার মধ্য দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে হয়। যোগাযোগের এই করুণ অবস্থার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েন জরুরি চিকিৎসাসেবা প্রত্যাশী ও গর্ভবতী মায়েরা। এছাড়া, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই গ্রামের তরুণ-তরুণীদের বিয়েশাদির ক্ষেত্রেও সামাজিক সমস্যায় পড়তে হচ্ছে।
কোনো রাস্তা না থাকায় গ্রামের কোমলমতি শিশুরা বাইরের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। ফলে শিশুদের শিক্ষার আলো দেখাতে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে 'দারুলউলুম তেগাংগা মাদ্রাসা' নামের একটি নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেখানে ৩০০ শিশু পড়াশোনা করছে। অন্যদিকে, পানির তীব্র স্রোতে গ্রামের মাঝখানের অংশ ভেঙে গিয়ে বর্তমানে গ্রামটি দুই ভাগে বিভক্ত হওয়ার উপক্রম হয়েছে। গ্রামটিকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে একটি কালভার্ট নির্মাণ প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।
দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ গ্রামবাসীর দুর্ভোগের সত্যতা স্বীকার করে বলেন, "এখানে ব্লক দিয়ে যদি একটি স্থায়ী ফসল রক্ষা বাঁধ তৈরি করা যায়, তবেই যাতায়াতের স্থায়ী সমাধান সম্ভব। এছাড়া গ্রামের ভেতরের ভাঙন রোধে কালভার্ট নির্মাণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।"
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ আশ্বাস দিয়ে বলেন, "তেগাংগা গ্রামের এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি অত্যন্ত আন্তরিক। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জোর সুপারিশ পাঠানো হবে।"
এআইএল/সকালবেলা