রাজশাহীতে পাখির বাচ্চা ধরতে গিয়ে কিশোরের মৃত্যু
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাচ্চা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাজুর ছেলে। তারা বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড বন্ধ গেট মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
রাজপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সাজ্জাদ তেরখাদিয়া স্টেডিয়ামের মেইনগেটের সামনে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা পাড়তে ওঠে। এ সময় খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে একটি বাড়ির টিন ও তারের সাথে আটকে ঝুলে থাকে।
বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাজ্জাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার পুলিশ জানায়, কিশোরের মরদেহ বর্তমানে হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অবুঝ এক কিশোরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা