আটোয়ারীতে সকালবেলা সাংবাদিকের ওপর জুয়াড়িদের হামলা

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
আটোয়ারীতে সকালবেলা সাংবাদিকের ওপর জুয়াড়িদের হামলা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে মাদক ও জুয়াবিরোধী একটি সচেতনতামূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর এক সংবাদকর্মীকে হেনস্তা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সংবাদকর্মী মোঃ মামুন রহমান জাতীয় দৈনিক ‘সকালবেলা’ পত্রিকার আটোয়ারী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগকারী সংবাদকর্মী মোঃ মামুন রহমান জানান, সম্প্রতি তিনি নিজ এলাকার মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন। পোস্টটিতে তিনি আটোয়ারী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছিলেন।

তার অভিযোগ, এই পোস্টের জেরে গত ২ জুন (মঙ্গলবার) রাত আনুমানিক ১০টায় আটোয়ারী উপজেলার বটতলী বাজারে অবস্থানকালে চুচুলী ডাঙ্গাপাড়া এলাকার আসাদুল ইসলাম, পিতা- ইলিয়াস হোসেন ও সলেমান আলী, পিতা মৃত- ঝরুয়া মোহাম্মদ এবং চুচুলী কনপাড়া এলাকার মোঃ মোবারক আলী, পিতা মৃত- মোঃ অফিজ উদ্দিন তাঁর ওপর চড়াও হন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মামুন রহমান ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তরা তাঁকে হেনস্তা করেন এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।

মোঃ মামুন রহমান আরও জানান, ঘটনার সময়কার একটি ভিডিও ফুটেজ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। তিনি পেশাগত দায়িত্ব পালন ও সামাজিক সচেতনতা সৃষ্টির কারণে এই হেনস্তার শিকার হয়েছেন উল্লেখ করে বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, একজন সংবাদকর্মীকে এভাবে হেনস্তা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় আটোয়ারী উপজেলার স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁরা স্থানীয় প্রশাসন ও পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এআইএল/সকালবেলা