চিরিরবন্দরে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকা থেকে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি ও র্যাবের যৌথ দল। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— চিরিরবন্দর উপজেলার দামুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৪৩), দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলা এলাকার মো. সালাউদ্দিন সান্জু (৪১), ফুলবাড়ী উপজেলার মো. আনিছুর রহমান (৫৫) এবং বিরামপুর উপজেলার উজ্জল আলী (৫৪)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট দুপুরে দিনাজপুর বিজিবি, র্যাব-১৩ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল চিরিরবন্দরের আমবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের সাথে থাকা তিনটি কাচের জার থেকে মোট ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়। এ ছাড়া ১টি প্রাইভেটকার, ২টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তাঁরা একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সাপের বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। জব্দ করা মালামাল ও বিষের মোট আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা।
অভিযান শেষে আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ল্যাবরেটরিতে উদ্ধার করা নমুনার রাসায়নিক পরীক্ষা সম্পন্ন হয়, যেখানে পরীক্ষা শেষে তরলটি সাপের বিষ হিসেবে নিশ্চিত হওয়া যায়।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো ধরনের অবৈধ পাচার রুখতে বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে। সীমান্ত এলাকায় মাদক, মানবপাচার ও অপরাধ দমনে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|