নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভরতপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে হাসান নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু হাসান ওই এলাকার আব্দুল হাকিম ও জিয়াসমিন দম্পতির চতুর্থ সন্তান।
পরিবারের সদস্য ও স্থানীয় মেম্বার পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়ার বরাত দিয়ে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করার সময় সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার ফুপু পুকুরের পানিতে হাসানকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াই বছরের শিশু হাসানের আকস্মিক মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়েছি। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
|