ফেনীতে গাঁজাসহ ৬ মাদকসেবী গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
ফেনীতে গাঁজাসহ ৬ মাদকসেবী গ্রেপ্তার

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনী শহরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে ৬ মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বুধবার (১৫ জুলাই ২০২৬) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার শহরের বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গাঁজা সেবন ও বিক্রির সাথে হাতেনাতে ৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটককৃতদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তাঁদের ফেনী জেলা কারাগার-২-এ পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন— ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের আবদুল্লাহ আল নোমান (২৬), সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের মো. নাছির উদ্দিন রোমান (৩৯), লক্ষ্মীপুর গ্রামের মোশারফ হোসেন (৪২), চর চান্দিয়া ইউনিয়নের মো. ইউনুস (৫০), মহিপাল এলাকার মো. আলা উদ্দিন (৩৫) ও দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের জালাল আহম্মদ আলমগীর (৩৭)।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন