জামালপুরে জলাবদ্ধতা নিরসনে ফের মহাসড়ক অবরোধ

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
জামালপুরে জলাবদ্ধতা নিরসনে ফের মহাসড়ক অবরোধ

মো. ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: প্রশাসনের দেওয়া আশ্বাস সময়মতো বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। আন্দোলন চলাকালে মহাসড়কের ওপর কিছু যুবককে প্রতীকী প্রতিবাদ হিসেবে ক্রিকেট খেলতেও দেখা যায়। এই অবরোধের ফলে মহাসড়কের দুপাশে মাইলের পর মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ সোমবার (২৫ মে) দুপুর ১২টা থেকে জামালপুর শহরের ঢাকা-টাঙ্গাইল বাসস্টেশন এলাকায় মহাসড়ক অবরোধ করে এই গণবিক্ষোভ শুরু হয়।

অবরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা এবং ঢাকাগামী দূরপাল্লার বাসসহ শত শত পণ্যবাহী ও ব্যক্তিগত যানবাহন মাঝরাস্তায় আটকা পড়ে। সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। তীব্র গরমের মধ্যে বহু যাত্রীকে বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের লাগেজ হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অপেক্ষা করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ ১৯ বছর ধরে শহরের দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার শিকার হন। কৃত্রিম এই বন্যার কারণে শত শত একর ফসলি জমি, মানুষের ঘরবাড়ি ও গ্রামীণ সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আজ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর স্থায়ী উদ্যোগ নেয়নি।

এর আগে গতকাল রোববার (২৪ মে) একই দাবিতে বিসিক শিল্প নগরী কার্যালয়ের সামনে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছিলেন ক্ষুব্ধ এলাকাবাসী। পরে জামালপুর পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো কাজ শুরু না হওয়ায় আজ আবারও বাধ্য হয়ে রাজপথে নামেন তাঁরা।

আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন, “প্রশাসনের ফাঁপা আশ্বাসে আমাদের আর কোনো বিশ্বাস নেই। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও আমরা কোনো স্থায়ী সমাধান পাইনি। অবিলম্বে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও স্থায়ী পানি নিষ্কাশনের সুনির্দিষ্ট কাজ শুরু না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।”

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যাকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নিয়েছেন, যার ফলে যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন আছে। খবর পেয়েই সদর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। পৌর কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের সাথে আলোচনা চলছে; আশা করছি খুব দ্রুতই যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।”

এআইএল/সকালবেলা