সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় একটি মালবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। নিহতরা দুজনেই মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন।
নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে আরিফুল ইসলাম ও একই এলাকার শাহেদ আলীর ছেলে শাহ আলম। পারিবারিক সূত্র জানিয়েছে, আরিফুল সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। তাঁরা সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন। বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে করে সরাইল থেকে আশুগঞ্জের দিকে যাওয়ার সময় সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নিতে দেশে এসেছিলেন এই দুই যুবক। কিন্তু একটি অনিয়ন্ত্রিত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিভে গেল তাঁদের ফেরার আনন্দ। তাঁদের মৃত্যুর খবরে সরাইলের পানিশ্বর ইউনিয়নে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।
এ.আই.এল/সকালবেলা