ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো: ইমরান হোসেন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: বাঙালির চিরায়ত ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক পহেলা বৈশাখ উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পাহাড়ের বিভিন্ন নৃ-গোষ্ঠী ও সমতলের মানুষের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলা সৃষ্টি হয়।
দিবসের শুরুতে বাঘাইছড়ি উপজেলা সদর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে নানা রঙের ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ সংস্কৃতির প্রতীক বহন করেন। ঢাক-ঢোলের তালে তালে পুরো পাহাড়ি জনপদ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলার হাজার বছরের ঐতিহ্য তুলে ধরা হয়। লোকজ পরিবেশনাগুলো উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি উমর আলী ও সাধারণ সম্পাদক জাবেদুল আলম। এছাড়াও পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
পুরোনো বছরের গ্লানি মুছে নতুন সম্ভাবনাকে বরণ করে নিতে বাঘাইছড়িবাসী এদিন একাত্ম হয়। বক্তারা বলেন, পহেলা বৈশাখ আমাদের সব ভেদাভেদ ভুলে নতুন উদ্যমে দেশ গড়ার প্রেরণা দেয়। সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে দিনভর চলা এই আয়োজন স্থানীয়দের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ