ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদীয় এই আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়রা উপজেলার জন্য ৪ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়, যা আজ ৪৩৫ জন সুবিধাভোগীর মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। বরাদ্দের বাকি অর্থ আজ বিকেলে পাইকগাছা উপজেলায় বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।
নগদ অর্থ বিতরণকালে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমার নির্বাচনী এলাকার প্রকৃত দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের তালিকা করে এই অর্থ পৌঁছে দিচ্ছি। আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত হকদারদের হাতেই এই উপহার তুলে দেওয়া হচ্ছে।"
উপকারভোগী ভ্যানচালক নূরুল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "ঈদের এই সময়ে প্রধানমন্ত্রীর উপহার এমপি সাহেবের মাধ্যমে হাতে পেয়ে আমাদের খুব উপকার হলো। এই টাকা দিয়ে ঈদের কেনাকাটায় কিছুটা হলেও সুবিধা হবে।"
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রকৃত অসহায়দের বাছাই করে এই অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অলিউল্লাহ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
এম.আর/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ