ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকা থেকে ৬ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় পাচারকারী চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে আটজন মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) এবং চারজন বাংলাদেশি। শনিবার (৪ এপ্রিল) সকালে একটি ইঞ্জিনচালিত বোটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আট রোহিঙ্গা হলেন—আবু তাহের, সৈয়দ হোসেন, এনামুল হাসান, হামিদুল হক, সাকের, আয়াস, ফারুক ও পরান। তারা সবাই টেকনাফের ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। অন্যদিকে, গ্রেফতার চার বাংলাদেশি হলেন—আবদুল মান্নান, সাবিক, মো. সাকের ও সৈয়দ আলম।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি আভিযানিক দল পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়াও বোট থেকে ৬টি গ্যাসভর্তি সিলিন্ডার, নগদ টাকা ও পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত বোটটি ব্যবহার করে মানবপাচারকারী চক্রটি আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়ায় পাচারেরও পরিকল্পনা করেছিল। কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা ও সময়োচিত এই সফল অভিযানের কারণে মানবপাচারকারীদের সেই বিশাল অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ