প্রখ্যাত আলেম আবু রায়হানের ওপর জামায়াতের হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রখ্যাত আলেম, প্রবীণ ক্বারী এবং ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের সিনিয়র উস্তাদ মাওলানা ক্বারী আবু রায়হানের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহে নিজ গ্রামের বাড়িতে সংঘটিত এই হামলায় তাঁর রানের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার জন্য ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীকে সরাসরি দায়ী করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন ক্বারী আবু রায়হানের ছেলে, বিশিষ্ট তরুণ লেখক ও চিন্তক, সাবেক সাংবাদিক মাওলানা ইফতেখার জামিল।
মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাওলানা ইফতেখার জামিলের ভাষ্য অনুযায়ী, তাঁর বাবার ওপর অতর্কিত হামলায় মুশারফ ও আলম নামের দুজনসহ বেশ কয়েকজন ব্যক্তি সরাসরি অংশ নেয়। অভিযুক্তরা সবাই স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, এত বড় নৃশংস ঘটনার পরও অপরাধীরা এলাকায় বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যা তাঁদের পুরো পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা তৈরি করেছে। এমনকি ঘটনার পর তাঁর এক চাচার ওপরও পুনরায় হামলার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
ইফতেখার জামিল আরও জানান, হামলায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি জামায়াতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন নেতাদের জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান বা কার্যকর কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি।
এই ন্যাক্কারজনক ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর ব্যাপক ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আলেম সমাজ ও সাধারণ নেটিজেনদের শত শত মানুষ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তাঁরা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, ক্বারী আবু রায়হানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার দাবি করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীসহ দেশের শীর্ষস্থানীয় আলেম ও রাজনীতিবিদরা।
মাওলানা ক্বারী আবু রায়হান দেশের ক্বিরাত অঙ্গনের অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগের সিনিয়র মুদাররিস। এর আগে তিনি জামিয়া দারুল উলুম ওয়াপদার মুহতামিম (প্রিন্সিপাল) এবং ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদের সিনিয়র পেশ ইমাম হিসেবেও অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশে ও দেশের বাইরে তাঁর অসংখ্য ছাত্র ও ভক্ত অনুরাগী রয়েছেন।
এআইএল/সকালবেলা
|