বর্তমান পাঠ্যবই উপযোগী নয়, হবে ছোট অধ্যায়ভিত্তিক বই: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
বর্তমান পাঠ্যবই উপযোগী নয়, হবে ছোট অধ্যায়ভিত্তিক বই: শিক্ষা প্রতিমন্ত্রী
ববি হাজ্জাজ। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক: চূড়ান্ত ডিজাইন, পাইলটিং ও শিক্ষক প্রশিক্ষণ শেষে আগামী ২০২৮ সালের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা সম্পূর্ণ নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে এই কারিকুলামের নকশা বা ডিজাইন সম্পন্ন করা হবে এবং ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আজ রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত প্রাথমিক স্তরের ভাষা দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কার্যকর করতে সবার আগে কারিকুলাম সঠিকভাবে ডিজাইন করতে হবে। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত ভাষা শিক্ষা ও মৌলিক গণিত দক্ষতা অর্জন। শুনে বোঝা, বলে বোঝানো, পড়ে বোঝা এবং লিখে বোঝানো—এই চারটি ভাষাগত দক্ষতার ওপর ভিত্তি করেই শিক্ষার্থীদের ধাপে ধাপে শেখাতে হবে।

বর্তমান পাঠ্যবইয়ের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, এখনকার পাঠ্যবইয়ের আকার ও উপস্থাপনা শিশুদের উপযোগী নয়। ৬ বছরের একটি শিশুর হাতে বড় আকারের বই তুলে দিলে তার শেখার আগ্রহ কমে যায়। তাই ছোট ছোট অধ্যায়ভিত্তিক বই এবং আনন্দমুখর পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, নতুন কারিকুলামের ভিত্তি হবে ভাষা শিক্ষা, গণিত, সিভিক এডুকেশন, খেলাধুলা ও সংস্কৃতি। এর আলোকে শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যবই প্রণয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামো পুনর্বিন্যাস করা হবে।

নেপের মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।