পাকুন্দিয়ায় বিএনপির মিছিলে গুলির ঘটনায় তৎকালীন ওসিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালে বিএনপির কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় পাকুন্দিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহানসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের তালিকায় পুলিশের ১৫ জন সদস্য এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৯০ থেকে ১১০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক কিশোরগঞ্জের আদালতে এই মামলার আবেদন করেন। পরবর্তীতে সোমবার (১ জুন) কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবেদনটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য পাকুন্দিয়া থানাকে নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়ায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ওই দিন পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও চৌরাস্তায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।
এজাহারে বাদী অভিযোগ করেন, পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহানের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা অতর্কিতভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালান। ওই সময় পুলিশের গুলিতে যুবদল নেতা আবদুল জলিল, ছাত্রদল নেতা শ্রাবণ ও গোলাপসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ছাড়া লাঠিপেটা করে যুবদল নেতা মোখলেছের হাতের কবজি ভেঙে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, এই হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী আহত হন এবং তাদের অনেককে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
পাকুন্দিয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান এই বিষয়ে জানান, আদালতের নির্দেশনার বিষয়টি তিনি মৌখিকভাবে শুনেছেন। তবে আদেশের অফিশিয়াল অনুলিপি বা কপি এখনো থানায় এসে পৌঁছায়নি। আদালতের লিখিত আদেশ হাতে পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।