সৈয়দপুরে ওসির সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত
মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। তাঁর সততা, নিষ্ঠা ও সাহসী পদক্ষেপে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, ওসি রেজাউল করিম রেজা দায়িত্ব গ্রহণের পর থেকেই ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর নেতৃত্বে একের পর এক অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা আইনের আওতায় এসেছে। এতে পারিবারিক ও সামাজিক অপরাধ কমে বহু পরিবারে শান্তি ফিরে এসেছে।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি তিনি পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। পাশাপাশি নিয়মিত বিভিন্ন ইউনিয়ন ও পাড়া-মহল্লায় বিট পুলিশিং এবং সচেতনতামূলক সমাবেশ পরিচালনা করছেন। বিশেষ করে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের কোমরঢুলা পাঠানপাড়াসহ বিভিন্ন এলাকায় স্থানীয়দের সহায়তায় মাদক কারবারি ও সেবীদের তৎপরতা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছেন তিনি।
এ বিষয়ে ওসি রেজাউল করিম রেজা বলেন, "মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।" তিনি কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা