রাজশাহীতে জ্বালানি তেলের সংকট নেই: জেলা প্রশাসন
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং জেলায় পর্যাপ্ত মজুদসহ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান দিয়ে অপ্রয়োজনে অতিরিক্ত তেল ক্রয় কিংবা মজুদ না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) জেলা প্রশাসন, রাজশাহীর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রেতাদের কেবল প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল ক্রয় করা উচিত, যাতে বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বজায় থাকে। অযথা অতিরিক্ত তেল কিনে মজুদ করলে কৃত্রিম অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
জেলা প্রশাসন আরও জানায়, সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে সার্বিক বাজার পরিস্থিতি নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি কিংবা অবৈধ মজুদের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাধারণ মানুষকে নির্ভরযোগ্য সূত্র থেকে সঠিক তথ্য নেওয়ার অনুরোধ করেছে জেলা প্রশাসন। এ সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজ অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|