বারুইপাড়ায় সহিংসতায় এমপি রাহাদের নিন্দা

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ণ
বারুইপাড়ায় সহিংসতায় এমপি রাহাদের নিন্দা

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারুইপাড়া ইউনিয়নে কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ড এবং এর জের ধরে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘরে বর্বরোচিত ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

আজ বৃহস্পতিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ জুন) রাতে ফকিরহাট উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মূলঘর এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত ছুরিকাঘাতে বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের প্রভাবশালী নেতা বাদল মোড়ল নির্মমভাবে খুন হন। এ সময় তাঁর সাথে থাকা আরও একজন বিএনপি নেতা গুরুতর আহত হন। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। অভিযোগ ওঠে, মিছিল থেকে একপর্যায়ে বারুইপাড়া ইউনিয়নে অবস্থিত জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৬টি দলীয় কার্যালয়সহ কয়েকটি ব্যবসায়িক স্থাপনা এবং নেতাকর্মীদের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও তছনছ চালানো হয়।

বিবৃতিতে এমপি শেখ মনজুরুল হক (রাহাদ) বলেন, “যেকোনো হত্যাকাণ্ডই অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিক্রিয়ায় মব পরিস্থিতি (Mob Justice) সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়া, ভাঙচুর বা অগ্নিসংযোগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংস কর্মকাণ্ড এলাকার দীর্ঘদিনের শান্তি-শৃঙ্খলা ও রাজনৈতিক সম্প্রীতি সম্পূর্ণরূপে বিনষ্ট করে।”

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধী যে দলেরই হোক না কেন, তার কোনো ছাড় নেই। কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করতে হবে।”

সংসদ সদস্য রাহাদ আরও জানান, স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মূলঘর এলাকার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের জের ধরে বারুইপাড়া বাজারে যে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তারও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এলাকায় নতুন করে কোনো উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য ফকিরহাটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশি টহল বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি সর্বস্তরের সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা