দৈনিক প্রতিদিনের কণ্ঠ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান
আব্দুল্লাহ আল মামুন, বিশেষ উপজেলা প্রতিনিধি: মণিরামপুর থেকে প্রকাশিত এবং মুদ্রণের নিয়মনীতি বহির্ভূত অনিয়মিত দৈনিক ‘প্রতিদিনের কণ্ঠ’ পত্রিকার প্রকাশনা বন্ধের দাবিতে যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংবাদিকদের নিয়ে অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন এই দরখাস্ত জমা দেন।
জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ তারিখে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকায় ‘রাজনৈতিক আশ্রয়ে মণিরামপুরে সাংবাদিক নামধারী চক্রের দৌরাত্ম্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমানের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ আনা হয়। এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় সংবাদকর্মীরা।
জেলা প্রশাসক বরাবর আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালে প্রতিষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাব সর্বদা জনমানুষের অধিকার আদায়ে সচেষ্ট এবং গণ-অভ্যুত্থানেও এর সদস্যরা অগ্রণী ভূমিকা রেখেছেন। প্রতিবেদনে যাঁর নাম জড়িয়ে কলামিস্ট বলা হয়েছে, সেই সুমন চক্রবর্তী বিগত ১৯ বছর ধরে সততার সাথে সাংবাদিকতা করছেন। তিনি পিআইবি ও প্রেস কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত এবং দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন ‘রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন’ (আরজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং জাতীয় দৈনিক ‘জবাবদিহি’র মণিরামপুর প্রতিনিধি। তিনিও রাজনীতির সাথে যুক্ত নন। এছাড়া প্রতিবেদনে উল্লেখিত সোহাগ হাসান লিপু নামের ব্যক্তির সাথে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কোনো সদস্যপদ বা সম্পৃক্ততা নেই।
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন বলেন, “একটি অনিয়মিত ও নীতিবহির্ভূত পত্রিকা প্রতিনিধি নিয়োগ বাণিজ্যের আড়ালে স্থানীয় সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি নষ্টের ধৃষ্টতা দেখিয়েছে। আমরা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই পত্রিকার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আমরা আশাবাদী।”
এ বিষয়ে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, “গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন একে অপরের পরিপূরক। আরজেএফ নেতা সুমন চক্রবর্তীসহ মণিরামপুরের সাংবাদিকদের বিরুদ্ধে অসত্য প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রতিদিনের কণ্ঠ সমাজ ও গণমাধ্যমের প্রতি তাদের দায়বদ্ধতার জায়গাটা ক্ষুণ্ন করেছে।”
এআইএল/সকালবেলা
|