গাজীপুরে নিখোঁজের ১২ দিন পর কঙ্কাল উদ্ধার
মহিউদ্দিন আহমেদ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১২ দিন পর বাড়ির অদূরে একটি ঝোপঝাড় থেকে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। পাশে পড়ে থাকা পাঞ্জাবি দেখে স্বজনরা কঙ্কালটি নিখোঁজ শামসুল হক (৮০)-এর বলে শনাক্ত করেছেন।
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেলের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকার একটি ঝোপ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, নিহত শামসুল হক শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০২১ সাল থেকে তিনি নিজমাওনা এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন। গত ৩ জুলাই তিনি হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁকে না পেয়ে শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ দুপুরে স্থানীয় এক শিশু ওই ঝোপের পাশে মাছ ধরতে গিয়ে কঙ্কালটি দেখতে পায়। পরে খবর পেয়ে নিহতের মেয়ে ও জামাতা ঘটনাস্থলে এসে কঙ্কালের পাশে থাকা পোশাক দেখে পরিচয় নিশ্চিত করেন।
নিহতের জামাতা জাকির হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, "শ্বশুর নিখোঁজ হওয়ার পর আমরা থানায় জিডি করেছিলাম। বাড়ির এত কাছে তাঁর কঙ্কাল পড়ে থাকলেও এতদিন কেউ টের পায়নি, বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।"
খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এআইএল/সকালবেলা
|