গোপনে কিশোরীর ভিডিও ধারণের অপরাধে যুবকের কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
গোপনে কিশোরীর ভিডিও ধারণের অপরাধে যুবকের কারাদণ্ড

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে কিশোরীর ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণের চেষ্টার অভিযোগে ফুলচান মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সফিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন। দণ্ডপ্রাপ্ত ফুলচান রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ ফানাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফিপুর বাজার এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন ফুলচান। শনিবার বিকেলে ওই বাড়ির এক কিশোরী গোসল করার সময় গোপনে ভিডিও ধারণের চেষ্টা চালান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন।

রোববার দুপুরে ফুলচানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে আদালত তাঁকে এই সাজা দেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, দণ্ডাদেশের পর আসামিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা