রংপুরে বাসচাপায় মাদ্রাসা সুপার নিহত
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুর মহানগরীর মডার্ন মোড়ের দক্ষিণে তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে বাসচাপায় এক মাদ্রাসা সুপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে প্রায় তিন ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে যৌথ বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (১২ জুলাই) সকাল ৯টার দিকে তাজহাট থানা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আবুল কাশেম (৪৫) মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান বালুয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি রংপুর নগরীর জিয়াতপুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার এবং স্থানীয় মিলনপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের শিশু কন্যাকে সাথে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন আবুল কাশেম। তারা তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে রংপুর থেকে ঢাকাগামী ‘আরএম স্পেশাল’ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার মুহূর্তে তিনি নিজের মেয়েকে ধাক্কা দিয়ে দ্রুত রাস্তার পাশে সরিয়ে দেওয়ায় শিশুটি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। তবে বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কাশেম।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা বাসটি সড়কের মাঝখানে থামিয়ে সেটিতে আগুন ধরিয়ে দেন। একই সাথে তারা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে মো. মুর্তজা (৫৬) নামে একজনকে আটক করা হয়েছে। সড়ক দুর্ঘটনা ও বাসে অগ্নিসংযোগের উভয় ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
এআইএল/সকালবেলা
|