মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙন, নিঃস্ব শত শত পরিবার

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ণ
মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙন, নিঃস্ব শত শত পরিবার

এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নদীপাড়ের শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

ভাঙন আতঙ্কে উপজেলার চরসেলামতপুর, গোপালনগর, মহেষপুর, হরেকৃষ্ণপুর, ঝামা, চরঝামা, আড়মাঝি, যশোবন্তপুর ও কালিশংকরপুরসহ প্রায় ২০টি গ্রামের হাজার হাজার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। ঝুঁকিতে রয়েছে একাধিক মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় বাজার।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, শুষ্ক মৌসুমে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলাই বর্ষাকালে এই নদীভাঙনের প্রধান কারণ। হরেকৃষ্ণপুর গ্রামের তহিদুল ইসলাম জানান, ইতোমধ্যে তাঁর ১০-১২ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে এবং পাঁচবার বসতবাড়ি সরাতে হয়েছে।

গত ১৯ আগস্ট ভাঙনকবলিত ৩০০ মিটার এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং স্থায়ী ব্যবস্থার আশ্বাস দেন। তবে কেবল জিওব্যাগ ডাম্পিং নয়, ভিটেমাটি রক্ষায় স্থায়ী ব্লকবাঁধ ও স্থায়ী নদীশাসনের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এআইএল/সকালবেলা