জামালপুরে মায়ের লাশ ও দুই শিশু উদ্ধার
মো. ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ইশরাত জাহান (৩৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘরে আটকে থাকা তাঁর দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহাম্মেদ শাওন পলাতক রয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকালে শেখের ভিটা এলাকার বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইশরাত জাহানের ৮ বছর বয়সি একটি মেয়ে ও ৫ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার কান্নাকাটি করে পানি চাইতে থাকে। এতে আশপাশের প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁরা ভবনের মালিককে বিষয়টি জানান। পরে দেখা যায়, ফ্ল্যাটের মূল দরজায় বাইরে থেকে তালা ঝুলছে। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে ঢুকে দুই শিশুকে উদ্ধার করা হয় এবং অন্য একটি কক্ষে ইশরাতের নিথর দেহ পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দেওয়া হয়।
খবর পেয়ে জামালপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার জানান, শিশুরা জানালা দিয়ে পানি চাইলে উদ্ধার করতে গিয়ে ভেতরে গৃহবধূর লাশ দেখা যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এআইএল/সকালবেলা