কালিয়াকৈরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
রেজাউল করিম মজুমদার, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে সিঁড়ির নিচে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়িওয়ালার চরম অবহেলা ও ঢাকনাবিহীন ঝুঁকিপূর্ণ ট্যাংকের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে খেলার সময় শিশুটি সিঁড়ির নিচে থাকা খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ এই ট্যাংকের ঢাকনা লাগাতে বারবার তাগাদা দিলেও বাড়িওয়ালা কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ প্রতিবেশীদের।
ঘটনার পরপরই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে অভিযুক্ত বাড়িওয়ালা এলাকা ছেড়ে পালিয়ে যান। স্বজনেরা বাড়িওয়ালার দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করেছে।
কালিয়াকৈর থানা-পুলিশ জানায়, এ ঘটনায় অপমৃত্যু বা অবহেলাজনিত মৃত্যুর মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক বাড়িওয়ালাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা