বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির সজোরে ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর মাত্র চার বছর বয়সী শিশুকন্যা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ সোমবার (২৫ মে) সকাল ৭টা ৩৫ মিনিটে বগুড়ার শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ি সূত্রে জানা যায়, সোমবার সকালে বগুড়া হতে ঢাকাগামী লেনে পর্যটন মোটেলের বিপরীত পাশে বনানী নামক স্থানে একটি অজ্ঞাতনামা গাড়ি ওই মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মো. আনিসুর রহমান (৩৫) ও তাঁর শিশুকন্যা আয়েশা (৪) প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় আনিসুরের স্ত্রী মোছাম্মত পুষ্পা আক্তারকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।

নিহত আনিসুর রহমান পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. এরশাদ আলীর ছেলে এবং নিহত শিশু আয়েশা তাঁর কন্যাসন্তান। আহত পুষ্পা আক্তার নিহত আনিসুরের স্ত্রী। তাঁরা সপরিবারে মোটরসাইকেলে যাতায়াত করছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিক ইকবাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ি পুরো ঘটনাটির আইনগত তত্ত্বাবধায়ন করছে। দুর্ঘটনার পর পরই ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে ও তার চালককে শনাক্ত করতে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এআইএল/সকালবেলা