মাদ্রাসা নিয়ে এসিল্যান্ডের বক্তব্যে রায়পুরে তীব্র ক্ষোভ
ইমাম হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড নিগার সুলতানার একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৩ দফা দাবিতে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে রায়পুর উপজেলার মাদ্রাসা সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ জুলাই ২০২৬ তারিখে রায়পুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য প্রদানকালে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা মন্তব্য করেন, "ইসলামকে পুঁজি করে বিভিন্ন জায়গায় মাদ্রাসা গড়ে উঠেছে।" একই সাথে তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ে যদি পর্যাপ্ত আরবি বা কুরআন শিক্ষকের ব্যবস্থা থাকত, তবে অভিভাবকরা সন্তানদের মাদ্রাসার পরিবর্তে স্কুলেই পাঠাতে বেশি আগ্রহী হতেন।
এসিল্যান্ডের বক্তব্যের এই অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথেই রায়পুরের মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় ধর্মপ্রাণ তাওহিদী জনতার মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের পক্ষে প্রেরিত প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার মুখ থেকে এ ধরনের অসংবেদনশীল মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এটি দেশের মূলধারার মাদ্রাসা শিক্ষাব্যবস্থা এবং এর সাথে সংশ্লিষ্ট লাখ লাখ শিক্ষার্থীর মর্যাদা ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। যুগে যুগে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ নাগরিক গঠনে মাদ্রাসা শিক্ষার অনস্বীকার্য অবদান রয়েছে। এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমাজে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
পরিস্থিতি শান্ত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ নিরসনে রায়পুর উপজেলার সাধারণ মাদ্রাসা ছাত্ররা প্রশাসনের নিকট ৩টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন:
১. বিতর্কিত বক্তব্যটি অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে অথবা এর একটি সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে। ২. ধর্মীয় অনুভূতি ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত বক্তব্য প্রদানের ক্ষেত্রে ভবিষ্যতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ৩. মাদ্রাসা শিক্ষা সম্পর্কে যেকোনো ধরনের বিভ্রান্তিকর বা সম্মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। অনতিবিলম্বে সম্মানজনক সমাধান ও দুঃখ প্রকাশ না করা হলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে আলটিমেটাম দেওয়া হয়েছে।
এআইএল/সকালবেলা