মান্দায় জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
মান্দায় জমি সংক্রান্ত সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল হামিদ শাহ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

আজ রোববার (৭ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে মান্দা উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়নের ছুটিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ শাহ ওই গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদ শাহ এবং অভিযুক্তরা একই বংশের ভাগিশরিক এবং তাঁদের বাড়িও পাশাপাশি। পৈতৃক ও শরিকানা জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ এবং আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারি বেঁধে যায়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল হামিদ শাহ বাম পাশের পাঁজরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—ছুটিপুর গ্রামের মো. আপেল মাহমুদ ওরফে আল ফারুক (২৯), মো. আব্দুল মতিন শাহ (৪০) এবং মোছা. আলেফা বেগম (৪৫)।

ঘটনার খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি শক্তিশালী পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একই সাথে সংঘর্ষে আহত অন্য ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মান্দা থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন