সন্তানের কান্নার শব্দে উদ্ধার হল প্রবাসীর স্ত্রীর লাশ

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ণ
সন্তানের কান্নার শব্দে উদ্ধার হল প্রবাসীর স্ত্রীর লাশ

বিশেষ প্রতিনিধি: যশোরের চৌগাছায় দুই বছরের শিশুকন্যার কান্নার শব্দে ঘরের দরজা ভেঙে ইমা খাতুন (২১) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্বজনরা।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইমা খাতুন স্বরুপদাহ ইউনিয়নের ছোট কাকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং জাহাঙ্গীরপুর গ্রামের সৌদি প্রবাসী সিজার হোসেনের স্ত্রী। স্বামী প্রবাসে থাকায় ইমা একমাত্র মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতে শিশুসন্তানের কান্নার শব্দ শুনে ঘরের দরজায় গিয়ে ধাক্কাধাক্কি করেন ইমার ভাসুর। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ইমার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তাঁকে নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন