নামাজে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে আর ওঠা হলো না হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর।
আজ সোমবার (১৭ আগস্ট) ভোরে পটুয়াখালীর সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে মর্মান্তিক এই ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি দুটি ছোট সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহত হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরেও মসজিদে গিয়ে ফজরের সুন্নত নামাজ আদায় করছিলেন তিনি। নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি উঠছিলেন না। পরে কাছে গিয়ে মুসল্লিরা বুঝতে পারেন তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয়দের কাছে হাফেজ আতাউল্লাহ অত্যন্ত সজ্জন, শান্ত ও ধর্মীয় অনুশাসনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদে তাঁর প্রথম জানাজা এবং আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এআইএল/সকালবেলা
|