বোচাগঞ্জে গাছচাপায় নারীর মৃত্যু

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ণ
বোচাগঞ্জে গাছচাপায় নারীর মৃত্যু

মো. তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে কালবৈশাখী ঝড়ে টিনের চালের ওপর ভারী গাছের ডাল ভেঙে পড়ে জাবেদা (৩৫) নামে এক নারীর নির্মম মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (২৫ মে) ভোররাতে সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাবেদা সেতাবগঞ্জ পৌরসভার মেলাগাছি এলাকার বাসিন্দা জাবেদের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে বোচাগঞ্জ এলাকার ওপর দিয়ে তীব্র ঝড়-হাওয়া বয়ে যায়। ঝড়ের সময় জাবেদা তাঁর পালিত ছাগলগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য গোয়াল ঘর থেকে বের করতে যান। ঠিক ওই মুহূর্তেই মেলাগাছি সংলগ্ন বাসুদেব মন্দিরের একটি পুরনো ও বিশাল বটগাছের একটি বড় ডাল ভেঙে তাঁর টিনের চালের ওপর পড়ে এবং পাশের ঘরটি ভেঙে যায়। এতে ঘরের ভেতর থাকা জাবেদা ভারী ডাল ও চালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই মেলাগাছি এলাকার প্রতিবেশীরা ছুটে এসে ধ্বংসস্তূপ থেকে জাবেদাকে দ্রুত উদ্ধার করেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা