শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ণ
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আজ সোমবার (২৫ মে) দুপুরের দিকে এই দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার দুর্ঘটনায় একই পরিবারের আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত শিশুরা হলো— পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের কন্যা সারা খাতুন (৮) এবং শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা আলমগীরের পুত্র আহম্মদ (৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীতমুখী লবণ বোঝাই একটি অবৈধ ভটভটির (স্থানীয় নাম কুত্তাগাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার আরোহী শিশু সারা খাতুন (৮) ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যায়।

এই ঘটনায় অটোরিকশায় থাকা একই পরিবারের সবুজ প্রামাণিক, তাঁর স্ত্রী মিতা খাতুন, সন্তান সোহা খাতুন ও শিশু আয়ান গুরুতর আহত হয়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়।

অপরদিকে, একই মহাসড়কের গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রাম এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে আলমগীরের ৭ বছর বয়সী শিশু পুত্র আহম্মদ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চোখের পলকে শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন পৃথক সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাক, লবণ বোঝাই ভটভটি এবং সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে তিনটি গাড়িরই চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যেতে সক্ষম হয়। চালকদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এই দুটি ঘটনায় হাইওয়ে থানায় আলাদা আলাদা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন