সৈয়দপুরে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ণ
সৈয়দপুরে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

মো. মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: সাম্প্রতিক শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার ক্ষতিগ্রস্ত ২০টি পরিবার এবং ২টি ধর্মীয় প্রতিষ্ঠানের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

গত রোববার (২৪ মে) বিকেলে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে এসব মানবিক সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় সার্বিক সহযোগিতা ও তদারকি করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু আব্দুল মাবুদ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে মোট ৩৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি ঘর তৈরির মজুরি হিসেবে প্রত্যেক বান্ডিল ঢেউটিনের বিপরীতে ৩ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে। একই সাথে তাৎক্ষণিক পুষ্টির চাহিদা মেটাতে প্রত্যেকটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় জরুরি শুকনা খাবারের প্যাকেট।

ত্রাণ নিতে আসা সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বাসিন্দা অসহায় বৃদ্ধা আমেনা বেওয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ও বিদ্যুৎবিহীন ঘরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে তাঁর শেষ আশ্রয়স্থল মাথা গোঁজার ঘরটি লণ্ডভণ্ড হয়ে গেলে তিনি চরম বিপাকে পড়েন। আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ঢেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে বর্তমান সরকার সবসময় আন্তরিকতার সাথে রয়েছে। ঝড়ে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর কষ্ট লাঘবে এবং দ্রুত পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা কার্যক্রমের আওতা আরও বৃদ্ধি করা হবে যাতে কোনো প্রকৃত ভুক্তভোগী বাদ না পড়েন।”

স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগকবলিত ও সহায়-সম্বলহীন মানুষের পাশে প্রশাসনের এমন তাৎক্ষণিক ও মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মনে বড় ধরনের স্বস্তি ও আশার সঞ্চার করেছে। এই পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খুব দ্রুতই নতুন করে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

এআইএল/সকালবেলা