আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আব্দুল্লাহ আল মামুন, যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় নারকেল গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলমগীর হোসেন একটি নারকেল গাছের মাথায় উঠে পাশের গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁর হাতে থাকা কাঁচা বাঁশের আঁকশিটি অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল লাইনের তারে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে পুরো বাঁশটি বিদ্যুতায়িত হয়ে গেলে তিনি উচ্চমাত্রার বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছের ওপরেই আটকে যান। তীব্র শক পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বিশেষ কৌশলে গাছের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে নিচে নামানো হয়। মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ লাইনের আশপাশে গাছে ওঠা বা ফল সংগ্রহের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। সামান্য অসাবধানতাই এমন বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা