কটিয়াদীতে বিএনপি-যুবদল সংঘর্ষ
প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
মিজানুর রহমান,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু ও ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার বনগ্রাম বাজার ও আশেপাশের এলাকায়।
জানা যায়, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সহশ্রাম ধুলাদিয়া ইউনিয়নে সমাবেশ শেষে বনগ্রাম বাজারে আসার কথা ছিল । কিন্তু তিনি বনগ্রাম না গিয়ে প্রোগ্রাম শেষে চলে যান। পরবর্তীতে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মুঞ্জুরুল হক পিন্টু ও বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় টেডা, বল্লম ও ইট নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন জানান, সংসদ সদস্য মহোদয়ের সামনে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু বনগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মো. নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি সাথে সাথে এ ঘটনার প্রতিবাদ করি । বনগ্রাম বাজারের পাশেই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পিন্টুর বাড়ি । এমপি সাহেব চলে যাবার পর পরই পিন্টু সাহেব দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছি । এ ব্যাপারে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ জানান, আজকে আমাদের মাঝে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি যাতে আর সামনে এগিয়ে যেতে না পারে সেজন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু ও যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।