ফেনীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ১

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
ফেনীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ১

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোহনা টেলিভিশনের সাংবাদিক এম. নিজাম উদ্দিন মজুমদার (সজিব) বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় ছাগলনাইয়া থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে এই ঘটনার সাথে জড়িত ইউসুফ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহনা টেলিভিশনের ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম উপজেলা প্রতিনিধি এম. নিজাম উদ্দিন মজুমদার (সজিব) গত বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় ফেনী নদীর তীরসংলগ্ন বালুর মাঠে নদীভাঙন-সংক্রান্ত সংবাদ সংগ্রহে যান। পূর্বপরিচিত ইমরান সিকদারের অনুরোধে তিনি সেখানে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা তাঁকে নির্মমভাবে মারধর করে নদীর তীরে ফেলে দেয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গুলি করে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে ইট-পাটকেল ও কাঠের টুকরো দিয়ে উপর্যুপরি আঘাত করলে তাঁর মাথা, মুখমণ্ডল, চোখ ও পায়ে গুরুতর জখম হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

বর্তমানে মারাত্মক আহত সাংবাদিক সজিব ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর বড় বোন রহিমা আক্তার মজুমদারের মাধ্যমে ছাগলনাইয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়। মামলায় ইমরান সিকদার ও ওসমান গণির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে ঘটনাটিকে পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা বলে দাবি করা হয়েছে।

ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম বলেন, “পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।” ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের জানান, মামলা রুজুর পরপরই শুক্রবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সজিবকে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। এ সময় তিনি বলেন, “সাংবাদিকের ওপর হামলাকারী যে দলেরই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে সাংবাদিকের ওপর এই নৃশংস হামলার ঘটনায় ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী প্রেস ক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ফেনী শহীদ মিনার চত্বরে সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আহ্বান জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন