গাজীপুরে জুট গোডাউনে ভয়াবহ আগুন

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ণ
গাজীপুরে জুট গোডাউনে ভয়াবহ আগুন

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুট গোডাউনের বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২৩ আগস্ট) ভোরে শ্রীপুর পৌরসভার দারগারচালা চৌরাস্তা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৫৩ মিনিটে গোডাউনে আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে জমে থাকা আগুন পুরোপুরি নির্বাপণ করতে ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, গোডাউনের ভেতরে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে গোডাউনটি পরিচালনা করতেন। ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডে গোডাউনে সংরক্ষিত মালামাল পুড়ে যাওয়ায় তাঁরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা। তদন্ত শেষে আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এআইএল/সকালবেলা