শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, বেআইনিভাবে পাচারের উদ্দেশ্যে রাখা এসব ভারতীয় মালামাল জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি টাকা। উদ্ধার করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে যৌথ টাস্কফোর্সের এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা