স্ত্রীকে বাবার বাড়ি থেকে এনে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে সাগরিকা আক্তার বুলবুলি নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী। আজ রোববার (২৪ মে) ভোররাতে সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে এবং অভিযুক্ত স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
নিহতের বাবা ইন্তাজ আলী বিশ্বাস অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে শিমুল তাঁর স্ত্রী বুলবুলিকে মানসিক ও শারীরিক অত্যাচার করে আসছিলেন। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপও দিচ্ছিলেন। এর আগে মারধর করার কারণে বুলবুলি বাবার বাড়িতে চলে যান। গত তিন দিন আগে শিমুল তাঁকে বুঝিয়ে আবার নিজের বাড়িতে নিয়ে আসেন। গতকাল শনিবার গভীর রাতে বুলবুলিকে কুপিয়ে গুরুতর আহত করেন শিমুল। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোররাতে মারা যান বুলবুলি। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী শিমুল হোসেন। হত্যাকারী শিমুল হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ঘটনার সংবাদ শুনে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।