গাজীপুরে দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মাটির দেয়াল চাপা পড়ে কোহিনুর বেগম (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২০ জুন) সকালের দিকে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদের চালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর বেগম ওই এলাকার জসীম উদ্দীনের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে কোহিনুর বেগম নিজ বাড়ির রান্নাঘরে সকালের খাবার প্রস্তুত করছিলেন। ওই সময় তাঁদের পাশের বাড়ির মালিক জয়নালের একটি পুরোনো মাটির দেয়াল শ্রমিক দিয়ে ভাঙার কাজ চলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত দেয়ালটি হঠাৎ ভেঙে পাশের রান্নাঘরের ওপর ধসে পড়ে। এতে কোহিনুর বেগম মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী জসীম উদ্দীন ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করে বলেন, প্রতিবেশী জয়নাল পরিকল্পিতভাবে তাঁদের রান্নাঘরের ওপর মাটির দেয়ালটি ফেলে দিয়েছেন। সে সময় তাঁর স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন এবং দেয়াল চাপা পড়েই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তিনি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. মাইশা জানান, সকাল ১০টার দিকে কোহিনুর বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আনা অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এআইএল/সকালবেলা