হোটেলে ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ঘিরে চাঞ্চল্য, নমুনা সংগ্রহ
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারের ফাইসাল হোটেলে গরুর মাংসের সঙ্গে ঘোড়ার মাংস মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (২৫ আগস্ট) হোটেল পরিদর্শন করে মাংসের নমুনা সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ।
এর আগে সোমবার ১৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় হোটেলটিতে অনিয়ম হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হোটেলে অভিযান চালিয়ে কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করে। নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকার সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরিতে (সিডিআইএল) পাঠানো হবে।
উপজেলা ভেটেরিনারি সার্জন সোহরাব খান জানান, পরীক্ষার ফল পেতে চার থেকে সাত দিন সময় লাগতে পারে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
তবে অভিযোগটি ভিত্তিহীন ও অপপ্রচার দাবি করে হোটেল মালিক ফাইসাল জানান, নওহাটায় ঘোড়ার মাংস পাওয়ার কোনো সুযোগ নেই। কুচক্রী মহল তাঁর সুনাম ক্ষুণ্ন করতে এই গুজব ছড়িয়েছে। তিনি পবা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। ওসি আব্দুল মতিন জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|